শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নুরুল আমীনের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নড়িয়া। আজ বুধবার সকালে বিদ্যালয়ের সামনে ভোজেশ্বর-ভেদরগঞ্জ সড়কে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা। কর্মসূচি থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের উপসী এলাকায় প্রধান শিক্ষক নুরুল আমীনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের অভিযোগ, ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান সিকদার ও তার অনুসারীরা এই হামলায় জড়িত। মারধরের ফলে প্রধান শিক্ষকের ডান হাত ভেঙে যাওয়ায় শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জানা গেছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে একটি পক্ষের সঙ্গে প্রধান শিক্ষকের দীর্ঘদিনের বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সাত্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একজন শিক্ষক রাস্তায় চলতে গিয়ে এভাবে আক্রান্ত হবেন, এটা মেনে নেওয়া যায় না। আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত বিচার চাই।’ এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মিজানুর রহমান সিকদার দাবি করেছেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর নামে অপপ্রচার চালানো হচ্ছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ুম খান জানিয়েছেন, ভুক্তভোগী মামলা করলে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ